পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে একের পর এক দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ বাড়ার মধ্যেই দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি নতুন করে জোরালো হয়েছে। এ প্রেক্ষাপটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা প্রয়োজনীয় উদ্যোগ নিতে নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।
গত রোববার পাঠানো ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা ও প্রশংসা দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।
চিঠিতে রিতা উল্লেখ করেন, ঢাকা-পাটুরিয়া-দৌলতদিয়া রুটটি দক্ষিণাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ পথ, যা বৃহত্তর ফরিদপুর, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। পদ্মা ও যমুনা সেতু চালু হলেও এই রুটে যাতায়াত এখনো পুরোপুরি সহজ ও জনবান্ধব হয়ে ওঠেনি।
তিনি আরও বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া হয়ে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এটি বাস্তবায়িত হলে যাতায়াত সহজীকরণ, পণ্য পরিবহন বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চিঠিতে বিএনপির নির্বাচনী ইশতেহার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতির বিষয়ও উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, রিতার ব্যক্তিগত ফেসবুক পেজে চিঠিটি প্রকাশের পর সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেটিজেনরা এতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই এটিকে সময়োপযোগী ও উন্নয়নমুখী উদ্যোগ হিসেবে দেখছেন।
তবে কেউ কেউ সম্ভাব্য চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন। একজন মন্তব্যকারী বলেন, দ্বিতীয় পদ্মা সেতু চালু হলে আরিচা সড়কে যানবাহনের চাপ আরও বাড়তে পারে, যা দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করবে। এ কারণে বিকল্প হিসেবে রেল যোগাযোগ উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে, নদীভাঙন রোধ, নাব্যতা বৃদ্ধি এবং পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের বিষয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন অনেকে।
উল্লেখ্য, এর আগে নির্বাচনী প্রচারণাতেও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দিয়েছিলেন মন্ত্রী আফরোজা খানম রিতা।

