মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং প্রায় ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ভোররাতে পৌর শহরের থানতলী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রোববার সন্ধ্যায় সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে থানতলী এলাকার আকিব খাঁ ও পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করা হলেও পরবর্তীতে বিরোধের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রোববার সন্ধ্যায় আকিব ও মঈন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে সোমবার ভোররাতে আবারও সংঘর্ষ শুরু হলে পাকদী এলাকার অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এতে পাঁচজন আহত হন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, দুই পক্ষের সংঘর্ষে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় শিশুদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

