দেশের ক্রীড়াবিদদের পেশাগত নিরাপত্তা ও জীবিকার মান উন্নয়নে প্রথমবারের মতো বেতন কাঠামো চালু করেছে সরকার। এ লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। বেতনের পাশাপাশি তাদের সম্মাননা ও বিভিন্ন প্রণোদনাও দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় মোট ৫০০ জন ক্রীড়াবিদকে আনার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে ক্রীড়াকে একটি টেকসই পেশা হিসেবে প্রতিষ্ঠা করার পথ সুগম হবে এবং নতুন প্রজন্ম ক্রীড়ায় আগ্রহী হবে।
ক্রীড়াবিদদের পারফরম্যান্স মূল্যায়নের জন্য একটি নির্দিষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রতি চার মাস অন্তর তাদের পারফরম্যান্স পর্যালোচনা করা হবে। নির্ধারিত মান বজায় রাখতে পারলে তারা এই সুবিধা অব্যাহতভাবে পাবেন, অন্যথায় তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকবে।
সব ক্রীড়াবিদকে সমান বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে, তবে বেতনের নির্দিষ্ট পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।

