রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সম্প্রতি ঘটে যাওয়া যাত্রীবাহী বাসডুবির ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার (২৮ মার্চ) সকালে তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে ফেরিঘাট ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, তদন্ত কার্যক্রম শেষে তিন কার্যদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। ঘটনার কারণ উদঘাটনে সংশ্লিষ্ট সব দপ্তর কাজ করছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘাটের পরিবেশ ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব সাথী দাস।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন। ড্রাইভার ও হেল্পারসহ মোট যাত্রী সংখ্যা ছিল ৪২ জন। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ও জীবিতদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের নির্দেশনায় দ্রুত এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি দুর্ঘটনার কারণ নির্ণয়, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ দেবে।
উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) রাজবাড়ী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

