শুক্রবার

২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে কে কোথায় থাকছেন বিএনপির শীর্ষ নেতারা, ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি—জেলায় জেলায় তৃণমূলের সঙ্গে মিলনমেলা

🕙 প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ । ৭:১৫ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতারা দলীয় কার্যক্রম ও সাংগঠনিক ব্যস্ততার মধ্যেই ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। প্রতি বছরের মতো এবারও অধিকাংশ নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। তবে দলের মহাসচিবসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা রাজধানীতেই অবস্থান করে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ উদযাপন করবেন। তার সঙ্গে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেনও রাজধানীতে থাকবেন। ঈদের আনুষ্ঠানিকতা শেষে তারা নিজ নিজ এলাকায় গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে, আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে ঈদ করবেন। সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় ঈদ উদযাপন করবেন।

এদিকে দলের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় দেশে ঈদ করতে পারছেন না। একইভাবে নজরুল ইসলাম খানও অসুস্থতার কারণে বিদেশে অবস্থান করছেন।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লার মুরাদনগরে, মিজানুর রহমান মিনু রাজশাহীতে এবং নিতাই রায় চৌধুরী মাগুরায় ঈদ উদযাপন করবেন।

খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক সিলেটে, জহির উদ্দিন স্বপন বরিশালে, মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লা সদরে এবং আফরোজা খানম রিতা মানিকগঞ্জে ঈদ করবেন।

এছাড়া শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে, আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে, মো. আসাদুজ্জামান ঝিনাইদহে এবং জাকারিয়া তাহের কুমিল্লার বরুড়ায় ঈদ উদযাপন করবেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান রাঙ্গামাটিতে, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন চাঁদপুরের কচুয়ায়, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদীতে এবং ফকির মাহবুব আনাম টাঙ্গাইলে ঈদ করবেন।

অন্যদিকে শেখ রবিউল আলম ঢাকায় এবং আহমেদ আযম খান টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন।

দলীয় ঐতিহ্যের অংশ হিসেবে ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে জিয়ারত করবেন সিনিয়র নেতারা। পরে দলীয় কার্যালয় ও বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির নেতারা ঈদকে কেবল ধর্মীয় উৎসব হিসেবে নয়, বরং তৃণমূলের সঙ্গে যোগাযোগ জোরদার এবং সাংগঠনিক শক্তি পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও ব্যবহার করেন। এবারের ঈদেও সেই ধারাবাহিকতা বজায় থাকছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ