পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তার সঙ্গে থাকবেন তার সহধর্মিণী রেবেকা সুলতানা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বঙ্গভবনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার অনুষ্ঠিতব্য ঈদুল ফিতরের দিন সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি।
নামাজ শেষে বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপ্রধান। একই সঙ্গে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ঈদের শুভেচ্ছা বার্তা প্রদান করবেন তিনি।
এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারপতি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত থাকবেন।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৮ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগতদের জন্য ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন রাখা হয়েছে।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।

