শুক্রবার

২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ সামনে, শেষ সময়ে বাস-লঞ্চ-ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ

🕙 প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ । ৫:৪৪ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই রেল, সড়ক ও নৌপথে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন হাজার হাজার মানুষ। তবে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীচাপ কিছুটা কম লক্ষ্য করা গেছে।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় যাত্রীদের ভিড় কম। কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনের যাত্রী ও সবজি বিক্রেতা আতাউর রহমান জানান, তিনদিন আগে আনা সবজি গতকাল দুপুরেই বিক্রি শেষ হয়েছে। তিনি বলেন, “আজ ট্রেন অনেকটাই ফাঁকা, যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে।”

স্টেশনের অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও যাত্রী উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। যাত্রীদের ভোগান্তিও কম বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে রাজধানীর গাবতলী, মহাখালীসহ বিভিন্ন বাস টার্মিনালেও যাত্রীদের উপস্থিতি রয়েছে। তবে গত কয়েক দিনের তুলনায় চাপ অনেকটাই কম। পাশাপাশি সড়কেও যানবাহনের চাপ কম থাকায় যাত্রা কিছুটা স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ ২০ মার্চ শুক্রবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামীকাল শনিবার (২১ মার্চ) থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ