ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের শিল্পাঞ্চলে ধাপে ধাপে কারখানা ছুটি চলমান রয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের পর আরও ৮৩৩টি কারখানা ছুটিতে গেলে বিকেলে মহাসড়কগুলোতে যাত্রীচাপ ও যানজট বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুরে বিজিএমইএ ও বিকেএমইএ-ভুক্ত মোট ২ হাজার ৮৩৪টি কারখানার মধ্যে ২ হাজার ৭৫৩টি কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ মার্চ) থেকে ছুটি শুরু হলেও প্রথমদিকে কারখানার সংখ্যা কম ছিল। তবে বুধবার (১৮ মার্চ) একদিনেই রেকর্ড ১ হাজার ৪১৪টি কারখানা (প্রায় ৪০ শতাংশ) ছুটি হয়ে যায়।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, বুধবার বিকেলে বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়কে যাত্রী ও যানবাহনের চাপ হঠাৎ বেড়ে যায়। এতে কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটে পড়েন ঘরমুখো মানুষ।
তবে বৃহস্পতিবার সকালে অনুকূল আবহাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে।
কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, রাত থেকেই যানজট নিরসনে কাজ চলছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেলে সম্ভাব্য বাড়তি চাপ মোকাবেলায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আজকের ছুটির পর ঘরমুখো মানুষের চাপ আরও বাড়তে পারে। তাই নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে।

