ঢাকার সার্কিট হাউস রোডে উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউস রোড দিয়ে পতাকাবাহী একটি রেঞ্জ রোভার গাড়ি (ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫) সচিবালয়ের দিকে উল্টো পথে যাচ্ছিল। এ সময় পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে সচিবালয়ের দিকে যাচ্ছিল।
উল্টো পথে গাড়ি চলাচলের বিষয়টি দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যদের নজরে এলে তারা গাড়িটি থামিয়ে দেন। পরে চালক আরিফ হোসেনকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি জানানো হয়।
পুলিশ জানায়, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে দুটি পৃথক ধারায় মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিজেও উপস্থিত ছিলেন।
ট্রাফিক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা দেশে নজিরবিহীন। এর আগে যানজট এড়ানো কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য অনেক প্রভাবশালী ব্যক্তির গাড়ি উল্টো পথে চললেও এবার ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়েছে।
আইনশৃঙ্খলা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে আইন প্রয়োগের বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

