মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধর, বসতঘর ভাঙচুর ও জনশান্তি বিনষ্ট করার অপরাধে মোঃ সোহেল রানা (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
দণ্ডপ্রাপ্ত সোহেল রানা জগন্নাথপুর গ্রামের মৃত শমসের আলীর নাতি।
স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ওপর অত্যাচার চালিয়ে আসছিলেন। ঘটনার দিন নেশার টাকার জন্য তিনি নিজ মাকে শারীরিক নির্যাতন করেন, বসতঘরে ব্যাপক ভাঙচুর চালান এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে আটক করে।
পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ ও অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামি সোহেল রানাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, মাদকের বিস্তার ও পারিবারিক সহিংসতা রোধে এ ধরনের আইনি পদক্ষেপ ও অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

