সৌদি রিয়ালের বান্ডিলে খবরের কাগজ, মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

🕙 প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:০২ পিএম

সৌদি রিয়ালের বান্ডিল বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে খবরের কাগজ দিয়ে তৈরি রিয়ালের বান্ডিল এবং ৫০ রিয়ালের তিনটি আসল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চক্রের আরও এক সদস্য পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রোববার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ রেস্টুরেন্টের সামনে প্রতারণার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গড়পাড়া ইউনিয়নের ঠাটাংগা শাহে জামে মসজিদের ইমাম মো. ইসমাইল হোসাইন শামীমের সঙ্গে গত শনিবার দুপুরে হকার সেজে পরিচিত হন মো. জাহাঙ্গীর শেখ। তিনি বিছানার চাদর, বালিশের কভার ও মশারি বিক্রির কথা বলে ইমামের সঙ্গে কথা বলেন।

একপর্যায়ে জাহাঙ্গীর দাবি করেন, তার কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল রয়েছে। ব্যাংকের মাধ্যমে সেগুলো ভাঙিয়ে দিতে ইমামের সহযোগিতা চান তিনি। পরে ইমামের মোবাইল নম্বর নিয়ে সেখান থেকে চলে যান।

সেদিন রাতেই জাহাঙ্গীর শেখ মোবাইল ফোনে ইমামের সঙ্গে যোগাযোগ করেন এবং অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দেন। ওই ব্যক্তি নিজেকে অশিক্ষিত পরিচয় দিয়ে তার কাছে ১৪ বান্ডিল সৌদি রিয়াল রয়েছে বলে দাবি করেন। ব্যাংকের মাধ্যমে সেগুলো ভাঙিয়ে দেওয়ার জন্য ইমামের সহযোগিতা চান তিনি।

পরদিন সকালে তাদের কথামতো ইমাম ইসমাইল হোসাইন শামীম মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ রেস্টুরেন্টের সামনে যান। সেখানে জাহাঙ্গীর শেখসহ তিনজনকে দেখতে পান তিনি।

অভিযোগ অনুযায়ী, তাদের একজনের হাতে থাকা বাজারের ব্যাগে ১৪ বান্ডিল সৌদি রিয়াল রয়েছে বলে জানানো হয়। ব্যাংকের মাধ্যমে রিয়াল ভাঙাতে সময় লাগবে দাবি করে তারা নগদ এক লাখ টাকার বিনিময়ে ওই রিয়ালগুলো বিক্রির প্রস্তাব দেয়। এতে ইমামের বড় অঙ্কের লাভ হবে বলেও প্রলোভন দেখানো হয়।

একপর্যায়ে ইমাম টাকা নিয়ে পুনরায় ঘটনাস্থলে গেলে কথিত সৌদি রিয়ালের বান্ডিলগুলো পরীক্ষা করে তাঁর সন্দেহ হয়। পরে তিনি দেখতে পান, ১৪ বান্ডিলের অধিকাংশই পুরোনো খবরের কাগজ দিয়ে বিশেষ কৌশলে তৈরি করা। বান্ডিলগুলোর মধ্যে কেবল ৫০ রিয়ালের তিনটি আসল নোট রাখা হয়েছিল।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। এ সময় অপর একজন দৌড়ে পালিয়ে যান।

আটক দুজন হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামের এনামুল শেখ (৪০) ও আলম শেখ ওরফে আলেম (৫০)। পলাতক জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়, আটক এনামুল শেখের কাছ থেকে একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই ব্যাগের ভেতরে গামছায় মোড়ানো খবরের কাগজ দিয়ে তৈরি বান্ডিলের সঙ্গে ৫০ রিয়ালের তিনটি সৌদি রিয়ালের নোট পাওয়া যায়।

এ ঘটনায় ইমাম মো. ইসমাইল হোসাইন শামীমের অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানায় প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ