সিংগাইরে মদপানের পর মারামারি, লাইফ সাপোর্টে যুবকের মৃত্যু

🕙 প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬ । ৫:৪২ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে মদপানের পর মারামারিতে গুরুতর আহত আলমগীর হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গুরুতর অবস্থায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
নিহত আলমগীর হোসেন সিংগাইর উপজেলার ফোর্ডনগর খানপাড়া গ্রামের সাদেমের ছেলে। তিনি ফোর্ডনগর এলাকার আখতার ফার্নিচার ফ্যাক্টরিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে আলমগীর কয়েকজনের সঙ্গে মদপান করেন। পরে ফোর্ডনগর রাস্তার ওপর আখতার ফার্নিচার ফ্যাক্টরির অদূরে জনৈক সুমন খার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় আলমগীরের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় আলমগীরকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার দুপুরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আলমগীর আহত হওয়ার পর তাঁর পরিবারের পক্ষ থেকে সুমন খার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল বলে জানা গেছে। তবে পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ায় নিহতের পরিবার এ বিষয়ে আর কোনো অভিযোগ করতে রাজি নয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে আলমগীরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহতের মেডিকেল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে মদপানের কথা উল্লেখ করা হয়েছে। এর আগে নিহতের পরিবারের পক্ষ থেকে সুমনের বিরুদ্ধে চড়-থাপ্পড়ের অভিযোগ দেওয়া হলেও বর্তমানে এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ