‘আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ২০০ কোটির মাইলফলকে ইমরান হাশমি

🕙 প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬ । ১২:২৭ পিএম

বলিউডে দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার একক নায়ক হিসেবে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছেন ইমরান হাশমি। অভিনেতার অভিনীত ‘আওয়ারাপান ২’ মুক্তির দুই সপ্তাহের মধ্যেই ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।

২০০৩ সালে বলিউডে অভিষেকের পর ইমরান হাশমি প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করেছেন। ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে সাফল্য পেলেও কেন্দ্রীয় চরিত্রে থেকে ২০০ কোটি রুপির ব্যবসার মাইলফলক এতদিন স্পর্শ করতে পারেননি তিনি।

১৪ আগস্ট মুক্তি পাওয়া ‘আওয়ারাপান ২’ দুই সপ্তাহের মধ্যেই ২০১ কোটি ৪৫ লাখ রুপি আয় করেছে। সিনেমাটির প্রথম সপ্তাহের আয় ছিল ১৬১ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয়ের গতি কিছুটা কমেছে।

তবে বুধবার (২৬ আগস্ট) বহুল আলোচিত ‘টক্সিক’ মুক্তি পাওয়ায় ‘আওয়ারাপান ২’-এর আয় কতটা বাড়বে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নতুন সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত ‘আওয়ারাপান ২’ ইতোমধ্যে নির্মাণ ব্যয়ের দ্বিগুণের বেশি আয় করেছে। একই সময়ে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গেও বক্স অফিসে ভালো প্রতিযোগিতা করছে সিনেমাটি।

দীর্ঘদিন পর এই সাফল্য ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন গতি এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ‘আওয়ারাপান ২’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। এতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বরুণ চান্দা ও রুখসার রেহমানসহ অনেকে।

এর আগে ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ বিশ্বব্যাপী ৪৬৬ কোটি রুপির বেশি আয় করেছিল। তবে ওই সিনেমার মূল চরিত্রে ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ইমরান হাশমি সেখানে খল চরিত্রে অভিনয় করেছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ