মহেশখালী চ্যানেলে নৌকাডুবি, নিউজিল্যান্ডের পরিবারের তিনজন উদ্ধার; নিখোঁজ কিশোর

🕙 প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬ । ১:৩১ পিএম

কক্সবাজারের মহেশখালী চ্যানেলে কাঠের নৌকাডুবির ঘটনায় নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য বিপদে পড়েছেন। তাদের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও পরিবারের ১৬ বছর বয়সী এক কিশোর এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চলছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌকাডুবির ঘটনায় বিপদে পড়া চারজন হলেন নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬), রালফ (১৩) ও আলবার্ট (১৬)। স্থানীয় জেলেদের সহযোগিতায় জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। তবে আলবার্ট নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জন এডওয়ার্ড পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার পৌরসভার নাজিরারটেক এলাকা দিয়ে নিজেদের তৈরি একটি জোড়া কাঠের বোটে সাগরে ভ্রমণে বের হন। সকাল সাড়ে ৯টার দিকে নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় তাদের বহনকারী বোটটি দুর্ঘটনাবশত ডুবে যায়।

বোটটি ডুবে যেতে দেখে স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে আলবার্টের কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে নিখোঁজ কিশোরের সন্ধানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা ও একটি দ্রুতগামী বোটও অভিযানে যুক্ত করা হয়।

সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ আলবার্টকে জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

কোস্টগার্ডের পক্ষ থেকেও তিনজনকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ কিশোরের সন্ধানে সমুদ্র এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ