মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জনদুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে কবরস্থানে যাওয়ার সড়কটি সংস্কার করে দিয়েছেন মেম্বার প্রার্থী মোঃ জামিরুল সরকার অন্তর ।
শনিবার(২২আগস্ট) সকালে উপজেলার ১ নং পয়লা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাঙ্গালা গ্রামের জামাত আলীর বাড়ি থেকে মঞ্জিল সরকারের বাড়ি পর্যন্ত কবরস্থানে যাওয়ার গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার কাজ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে প্রতিদিন যাতায়াতকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। শনিবার (২২ আগস্ট) সকালে বাঙ্গালা গ্রামের মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদপ্রার্থী মোঃ জামিরুল সরকার অন্তর নিজে উপস্থিত থেকে সড়ক সংস্কারের তদারকি করেন এবং শ্রমিকদের সঙ্গে কাজে অংশ নেন।
সড়কটি সংস্কারের বিষয়ে অন্তর সরকার বলেন, ‘ব্যবসায়ী পরিচয়ের বাইরে আমি সবসময় সাধারণ মানুষের সেবা করতে চেয়েছি। মানুষের দুর্ভোগ কমানোই আমার মূল লক্ষ্য। নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, সামর্থ্য অনুযায়ী জনকল্যাণমূলক এই কাজ আমি ভবিষ্যতেও অব্যাহত রাখব।’
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি মেরামত হওয়ার ফলে এখন যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হয়েছে। জনপ্রতিনিধি হওয়ার আগেই জনগণের দুর্ভোগ কমাতে এমন মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সড়কটি সংস্কারের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

