চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় নারী বাস, জরিমানা বলাকা পরিবহনকে

🕙 প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬ । ২:১২ পিএম

নারীদের জন্য বিশেষায়িত ‘মহিলা বাস সার্ভিস’ চালুর প্রথম দিনেই রাজধানীতে দুর্ঘটনার শিকার হয়েছে একটি বাস। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বনানীর নতুন বিমানবন্দর সড়কে নারীদের জন্য চালু হওয়া পিংক বাসটিকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস।

ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আইনগত ব্যবস্থা হিসেবে বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করা হয়।

এদিকে মহিলা বাসটিকে ধাক্কা দেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বনানী এলাকায় পিংক বাসটি পৌঁছানোর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীসহ তিন জেলায় বিশেষ ‘মহিলা বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বিআরটিসি জানিয়েছে, নারীবান্ধব ও নারী চালক দ্বারা পরিচালিত পরিবহনব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকারের অংশ। এর অংশ হিসেবে মোট ১৪টি বিশেষ বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলবে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিআরটিসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকায় মহিলা বাসের নির্ধারিত রুটগুলোর মধ্যে রয়েছে নতুন বাজার (কোকা-কোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর ১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর ১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আবদুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-এবিআর।

এ ছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা, বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটেও বিশেষ মহিলা বাস চলাচল করবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ