খুলনায় পাইপগান ও গুলিসহ গ্রেপ্তার ‘শুটার বেলু’

🕙 প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬ । ৮:৫০ এএম

খুলনায় অস্ত্র ও গুলিসহ আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে ‘শুটার বেলুকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে নগরীর বড় মির্জাপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশি তৈরি পাইপগান ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আলামিন হাওলাদার নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আকবর হাওলাদারের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে ‘শুটার বেলু’ খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’র সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি জানান, গত তিন দিন ধরে বেলু নগরীর বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশি তৈরি পাইপগান ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলু জানিয়েছে, টাকার বিনিময়ে সে বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতো।

পুলিশ জানিয়েছে, বেলুর বিরুদ্ধে খুলনা থানায় দুটি এবং ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ