ফরিদপুরে খিচুড়ি রান্নাকে ঘিরে ছয় রিকশাচালক আটক, ছাড়ার আশ্বাস পুলিশের

🕙 প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬ । ৫:০৭ এএম

ফরিদপুরে জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজনকে কেন্দ্র করে ছয় রিকশাচালককে আটক করেছে পুলিশ। ১৫ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে খিচুড়ি রান্না করা হচ্ছে—এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিক সংগঠনের নেতারা।

তবে পুলিশের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তদন্তে তাদের নিরীহ রিকশাচালক হিসেবে শনাক্ত করা হয়েছে এবং দ্রুত তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—হারুন শেখ (৫৪), মজিদ শেখ (৫৬), আনোয়ার মোল্লা (৫১), মানোয়ার মোল্লা (৪৮), ইউসুফ শেখ (৪৫) ও তাঁর ছেলে রহিম শেখ (২৩)।

শ্রমিক সংগঠন সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে জেলার বিভিন্ন স্ট্যান্ডভিত্তিক আঞ্চলিক কমিটি গঠনের কার্যক্রম চলছে। এরই মধ্যে হাজী শরীয়তুল্লাহ বাজার, তিতুমীর বাজার, ভাসানচর, অম্বিকাপুর ও আলীপুর এলাকায় আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।

এর ধারাবাহিকতায় শুক্রবার ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলগেটসংলগ্ন বাজারে আঞ্চলিক কমিটি গঠনের কার্যক্রম চলছিল। এ উপলক্ষে শ্রমিকরা খিচুড়ি রান্নার আয়োজন করেন।

শ্রমিক সংগঠনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্টের শোক দিবস পালনের অংশ হিসেবে খিচুড়ি রান্না করা হচ্ছে—এমন সন্দেহে শুক্রবার দুপুর ১টার দিকে পুলিশ ধুলদী বাজারে অভিযান চালিয়ে ছয় রিকশাশ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়।

ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, তাদের সংগঠন রাজনৈতিকমুক্ত। তাঁর দাবি, ছয় শ্রমিককে অন্যায়ভাবে আটক করা হয়েছে। পুলিশ তাদের ছেড়ে দেওয়ার কথা বললেও দীর্ঘ সময় পার হওয়ার পরও তারা থানায় আটক রয়েছেন।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে ওই শ্রমিকদের থানায় আনা হয়েছিল। পরে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাঁরা সবাই নিরীহ রিকশাচালক বলে শনাক্ত হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের ছেড়ে দেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ