শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম

🕙 প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ । ১২:৩৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি অভিযোগ করেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা ও জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি অবমাননাকর।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, গত দুই বছর ধরে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে দিল্লিতে অনুষ্ঠিত শেখ হাসিনার কথিত সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে এ আয়োজন করা হয়েছে, যা ভারতের নীতিতে মৌলিক পরিবর্তন না আসার ইঙ্গিত দেয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দিলেও ভারতের কাছ থেকে কার্যকর জবাবদিহি নিশ্চিত করা যায়নি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা বা দুঃখ প্রকাশের তথ্য না আসায় হতাশা প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব ও সমতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অন্য কোনো দেশের প্রভাব বিস্তারের সুযোগ জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ, শেখ হাসিনাসহ অভিযুক্তদের প্রত্যর্পণ এবং ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা আদায়ে দৃঢ় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, যদি ভারতের ভূখণ্ড ব্যবহার করে আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ পায়, তাহলে একই সময়ে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ অর্থবহ হবে না। বন্ধুত্বের নামে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ