২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁও জেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চারজন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয় থেকে সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এছাড়া হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নেয়। তবে পাঁচটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান ও একাডেমিক কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার জানান, শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের শোকজ করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে ফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যালয়গুলোর ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হবে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলায় মোট ১৭ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৮৮৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৪ জন। জেলায় এবার সামগ্রিক পাসের হার ৫৫ দশমিক ৯০ শতাংশ।

