সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে নতুন নির্দেশনা, জারি হলো পরিপত্র

🕙 প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ । ১২:৩১ পিএম

সরকারি কার্যালয়গুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এ পরিপত্র প্রকাশ করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরিপত্র জারির সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হবে।

এর আগে গত ৩ আগস্ট সচিবালয়ে সৌরবিদ্যুৎ বিষয়ে অনুষ্ঠিত এক সভায় জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় দেশে সৌর ইনভার্টার উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও অর্থনৈতিকভাবে লাভজনক করতে কার্যকর একটি মডেল তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে বঙ্গভবন, তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ মন্ত্রণালয়ের ভবন এবং পরিকল্পনা কমিশন ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।

সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি সরকারি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং বিদ্যুৎ ব্যবস্থায় সৌরশক্তির অবদান বৃদ্ধি করা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ