বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিল এলাকায় ইকো ট্যুরিজম গড়ে তোলার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ধরনের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রকল্পটি যাতে লাভজনক হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর ও দোবিলা এলাকায় চলনবিল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, চলনবিলে যে ধরনের পর্যটন অবকাঠামো গড়ে তোলা হবে, তা অবশ্যই অর্থনৈতিকভাবে টেকসই হতে হবে। একই সঙ্গে প্রকল্প থেকে রাজস্ব আয় নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, চলনবিল বাংলাদেশের বৃহত্তম বিল। এর প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং অনন্য পরিবেশ দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়া চলনবিল ঘিরে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে রয়েছে সমৃদ্ধ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পরিদর্শনকালে মন্ত্রী তাড়াশ উপজেলার দর্শনীয় স্থানগুলোর ওপর নির্মিত একটি তথ্যচিত্রও দেখেন।
এ সময় স্থানীয় জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

