প্রধানমন্ত্রীর বাবুনগর মাদ্রাসা সফর ঘিরে নিরাপত্তা জোরদার

🕙 প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ । ৭:৫৩ এএম

চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির নাজিরহাটের বাবুনগর মাদ্রাসা ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে র‍্যাব, পুলিশ, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়িতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর নাজিরহাটের বাবুনগর এলাকায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাবুনগর মাদ্রাসায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া কাউকে মাদ্রাসা এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নির্ধারিত পরিচয়পত্রধারী ব্যক্তি ও সংশ্লিষ্টদেরও একাধিক ধাপে তল্লাশির পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সকাল ১০টা থেকে ডগ স্কোয়াড দিয়ে পুরো মাদ্রাসা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

মাদ্রাসার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর যাতায়াতের পথ এবং আশপাশের এলাকাতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বিশেষায়িত বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা সংস্থার সদস্যরাও সক্রিয় রয়েছেন।

সফর উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এতে সংগঠনটির শীর্ষ পর্যায়ের প্রায় ৭০ জন আলেম অংশ নেওয়ার কথা রয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাবুনগর মাদ্রাসা এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সফরের সময়সূচি ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ