মানিকগঞ্জের দৌলতপুরে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার ৩৬নং সমেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে সমেতপুর গ্রামবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সমেতপুর গ্রামের মোঃ বাবুল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ বক্তা মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম , সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার, উপজেলা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, মহিলা দলের সভাপতি মমতাজ বেগম , স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হাসান, ছাত্র দলের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট হুমায়ূন কবির (এলিট) সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মতবিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর (এমপি) বলেন, “সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি উপড়ে ফেলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিভাবক ও এলাকার সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে। কোনো অপরাধী বা চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। একটি সুন্দর, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।”
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমেতপুর গ্রামের শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

