পটুয়াখালী সদর রোডসংলগ্ন একটি পতিতালয় এলাকার কক্ষ থেকে রাসেল (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে মনু মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাসেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা এলাকার বাসিন্দা।
খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

