মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এর পিতা, মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বরাইদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. বরকত মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা, সদস্য সচিব ফরিদ হোসেন এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মী।
স্মরণসভায় বক্তারা বলেন, “মরহুম হারুনার রশিদ খান মুন্নু ছিলেন আদর্শ, সততা ও ত্যাগের রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনৈতিক জীবনে তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় জনকল্যাণে কাজ করে গেছেন। দলকে সুসংগঠিত করার পাশাপাশি এলাকায় শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” বক্তারা তাঁর দেখান পথ ও আদর্শকে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপালপুর হাফেজিয়া ফুরকানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল হেলালী।
মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সিঙ্গাপুর বিএনপি (মানিকগঞ্জ শাখা)-র সভাপতি মাহবুবুর রহমান।

