সাবেক মন্ত্রী, শিল্পোদ্যোক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বর্ষীয়ান নেতা মরহুম হারুনার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে মানিকগঞ্জ ডেভলপার্স এসোসিয়েশন।
গতকাল সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁরা হারুনার রশিদ খান মুন্নুর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং মানিকগঞ্জের শিল্প, শিক্ষা, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।
কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে মানিকগঞ্জ ডেভলপার্স এসোসিয়েশনের উপদেষ্টা গোলাম কিবরিয়া সাঈদ, সভাপতি মাসুদুল কামরুল হক, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম বাদল, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুদ্দিন আহমেদ জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার এবং মহিলা বিষয়ক সম্পাদক বিপু রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া শেষে নেতৃবৃন্দ বলেন, মরহুম হারুনার রশিদ খান মুন্নু ছিলেন একজন দূরদর্শী শিল্পোদ্যোক্তা, জননেতা ও সমাজসেবক। তাঁর কর্ম ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

