দীর্ঘ ৩৩ বছর অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে কর্মজীবন থেকে অবসর নিলেন দৌলতপুর থানায় কর্মরত পুলিশ সদস্য মফিজুর রহমান মফিজ। সহকর্মীদের ভালোবাসায় আর এক রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে বিদায় জানানো হলো এই প্রবীণ পুলিশ সদস্যকে।
গতকাল শুক্রবার ৩১ জুলাই বিকেলে তাকে বিদায় জানানো হয় ।
অবসরগ্রহণের শেষ দিনে দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে তাকে দেওয়া হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনা। সেখানে সহকর্মীরা তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তার সততা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।
বিদায়ের মুহূর্তে তাকে সাধারণ কোনো বিদায় দেওয়া হয়নি; বরং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) স্বপন কুমার সরকার এর ব্যবহৃত সুসজ্জিত গাড়িতে বসিয়ে পুরো সম্মান প্রদর্শনপূর্বক তাকে পৌঁছে দেওয়া হয় নিজ বাড়িতে। গাড়ির আসন ফুল দিয়ে সাজানো হয় এবং থানার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা নিজে উপস্থিত থেকে তাকে সসম্মানে বিদায় জানান।
এমন বর্ণাঢ্য ও রাজকীয় বিদায় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রবীণ এই পুলিশ সদস্য মফিজুর রহমান। তিনি বলেন, “দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করেছি। শেষ দিনে সহকর্মী ও উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেলাম, তা সারাজীবন আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।”
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানান, “মফিজুর রহমান একজন অত্যন্ত অনুকরণীয় ও সুশৃঙ্খল সদস্য ছিলেন। তার এই বিদায় স্মরণীয় করে রাখতেই আমরা ছোট একটি উদ্যোগ নিয়েছিলাম। তার অবসর জীবন যেন শান্তিময় ও সুস্থতার মধ্য দিয়ে কাটে, সেই কামনা করি।”
এক অনন্য ও সম্মানজনক প্রক্রিয়ায় সহকর্মীর অবসর উদযাপন করে দৌলতপুর থানা পুলিশ কেবল মফিজুর রহমানকেই সম্মানিত করেনি, বরং পুরো পুলিশ বাহিনীর মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

