কেবিনে ধোঁয়া শনাক্ত, রাজকোটে জরুরি অবতরণ করল দুবাইগামী ইন্ডিগো ফ্লাইট

🕙 প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ । ১১:২৯ এএম

বিমানের কেবিনে ধোঁয়া শনাক্ত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে ভারতের গুজরাটের রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি দুবাইগামী ফ্লাইট। মুম্বাই থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া উড়োজাহাজটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাঝপথে অবতরণ করে।

সোমবার ১৯৪ জন যাত্রী নিয়ে মুম্বাই থেকে যাত্রা শুরু করে ইন্ডিগোর ফ্লাইট ৬ই ১৪৫২। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানের কার্গো অংশ থেকে ধোঁয়া উঠতে দেখে কেবিন ক্রুরা বিষয়টি পাইলটকে জানান। পরিস্থিতি বিবেচনায় পাইলট দ্রুত রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

জরুরি অবতরণের পর বিমানে থাকা ১৯৪ জন যাত্রীই নিরাপদে নামতে সক্ষম হন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ইন্ডিগো এয়ারলাইন্স বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেছে। তবে ঠিক কী কারণে কার্গো অংশে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এক বিবৃতিতে ইন্ডিগো এয়ারলাইন্স জানায়, ধোঁয়ার উৎস ও ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষ হলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

উল্লেখ্য, ইন্ডিগো ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা। দেশটির ৮০টি অভ্যন্তরীণ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩০টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ