মানিকগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৩

🕙 প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ । ১০:৩১ এএম

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সিংগাইর উপজেলার মিদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তার নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার মুদ্দোযোগিনী উল্লেখ থাকলেও, প্রাথমিক তদন্তে ওই তথ্যের সঙ্গে নিহত ব্যক্তির পরিচয়ের মিল পাওয়া যায়নি। ফলে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের লক্ষ্যে অভিযান চালাচ্ছে পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিচয় শনাক্ত এবং পালিয়ে যাওয়া ট্রাকটি আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ