যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের অতিথি ভবন যমুনায় এ আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকার গঠনের প্রায় পাঁচ মাস পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। নৈশভোজকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার ও জোটের সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হতে পারে।
জানা গেছে, যুগপৎ আন্দোলনের সময় বিএনপির পাশে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুসংহত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
নৈশভোজে যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরিক দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এবং আরও কয়েকটি শরিক দলের প্রতিনিধিরা।
তবে একসময় বিএনপির গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এ নৈশভোজে অংশ নিচ্ছে না।

