৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সিআরপি মানিকগঞ্জ কেন্দ্র, পুনর্বাসন সেবার পরিধি আরও বিস্তারের প্রত্যয়

🕙 প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ । ৫:৫৪ এএম

প্রতিবন্ধী ব্যক্তি, স্ট্রোক, পক্ষাঘাত, সেরিব্রাল পালসি, অটিজম এবং বিভিন্ন স্নায়বিক সমস্যায় আক্রান্ত মানুষের পুনর্বাসন সেবায় নিয়োজিত সিআরপি মানিকগঞ্জ কেন্দ্রের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

গত ১৫ জুলাই সিআরপি মানিকগঞ্জ কেন্দ্রের মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে কেন্দ্রটির কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

২০২০ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করা সিআরপি মানিকগঞ্জ কেন্দ্রটি বর্তমানে মানিকগঞ্জসহ আশপাশের জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ পুনর্বাসন সেবা প্রদান করছে। এখানে নিয়মিত ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিসহ বিভিন্ন বিশেষায়িত সেবা দেওয়া হচ্ছে।

এছাড়া সিআরপি মাধব মেমোরিয়াল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে আবাসিক কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়তা করছে। গত ছয় বছরে হাজারো রোগী পুনর্বাসন সেবা গ্রহণ করেছেন এবং শত শত প্রতিবন্ধী ব্যক্তি প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

সিআরপি মানিকগঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, প্রবাসী এবং করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) ও দানের মাধ্যমে কেন্দ্রটির উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, “প্রতিবন্ধিতা নয়, সক্ষমতাই হোক পরিচয়”—এই অঙ্গীকার নিয়ে সিআরপি মানিকগঞ্জ ভবিষ্যতেও মানসম্মত পুনর্বাসন সেবা, দক্ষতা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করে যাবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ