ভারী বৃষ্টিতে ফরিদপুরে সড়ক ধস, যোগাযোগ সংকটে ভোগান্তিতে স্থানীয়রা

🕙 প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ । ১২:২৮ পিএম

টানা ভারী বর্ষণের কারণে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী হাটসংলগ্ন পিয়াজখালী-চন্দ্রপাড়া সড়কের একটি অংশ ধসে গেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটির একটি অংশ ধসে পড়ে। পিয়াজখালী বাজার থেকে চন্দ্রপাড়া হয়ে ফরিদপুর-তাড়াইল সড়কের সঙ্গে সংযুক্ত এ পথটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া পিয়াজখালী এলাকার শয়তানখালী ঘাট থেকে বিভিন্ন পণ্য পরিবহনেও সড়কটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের একটি বড় অংশ ইতোমধ্যে ধসে গেছে। অবশিষ্ট অংশও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় সেটিও ভেঙে পড়তে পারে। এতে পুরো সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে সড়কসংলগ্ন কয়েকটি পাকা দোকানঘরও ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সড়কটি ধসে গেছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের দুর্ভোগ আরও বাড়বে।

অটোরিকশাচালক সালাম শেখ জানান, বলাশিয়া ঘাট থেকে বিভিন্ন মালামাল এই সড়ক ব্যবহার করে পিয়াজখালী হাটে আনা-নেওয়া করা হয়। রাস্তাটি বন্ধ হয়ে গেলে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে এই স্থানে সড়ক ভেঙে যায়। বিষয়টি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে এবং তারা সমাধানের আশ্বাস দিয়েছেন।

সদরপুর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, সড়ক ধসের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে একই ধরনের সমস্যা আর না হয়। খুব দ্রুতই সংস্কার কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ