পুনর্বহালের পথে সিংগাইরের ৮ ইউপি চেয়ারম্যান, হাইকোর্টের নির্দেশ কার্যকরের প্রস্তুতি

🕙 প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ । ১০:২৪ এএম

হাইকোর্টের নির্দেশনার পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবারও নিজ নিজ দায়িত্বে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার।

তিনি জানান, চেয়ারম্যানদের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ নাজমুল হাসান খানের স্বাক্ষরিত নির্দেশনা গত রোববার (৫ জুলাই) তার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। সরকারি চিঠি হাতে পাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা হলেন— তালেবপুর ইউনিয়নের মো. রমজান আলী, বায়রা ইউনিয়নের দেওয়ান মো. জিন্নাহ, চারিগ্রাম ইউনিয়নের মো. রিপন হোসেন, জয়মন্টপ ইউনিয়নের ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, চান্দহর ইউনিয়নের মো. শওকত হোসেন, ধল্লা ইউনিয়নের মোহাম্মদ জাহিদুল ইসলাম, সায়েস্তা ইউনিয়নের মো. হালিম এবং জামির্ত্তা ইউনিয়নের আবুল হোসেন।

তবে জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান এখনই দায়িত্ব ফিরে পাচ্ছেন না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি এখনও হাইকোর্টের সার্টিফায়েড কপি জমা দেননি।

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত বছরের ৩১ জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক আদেশে সিংগাইর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের পরিবর্তে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ক্ষতিগ্রস্ত চেয়ারম্যানরা পৃথকভাবে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

গত ৩ মার্চ শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিচারপতি রাজ্জাক আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রুল জারি করেন। পরবর্তীতে ওই রায়ের আলোকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

দায়িত্ব ফিরে পাওয়া চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বলেন, “মহান আল্লাহর কাছে লাখো-কোটি শুকরিয়া। সেই সঙ্গে সরকার ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার সহযোগিতা নিয়ে বাকি সময় জনগণের সেবা করতে চাই।”

ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা হাতে পেলেই তারা ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করে জনসেবায় আত্মনিয়োগ করবেন।

সায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, প্রশাসন ও জনগণের সহযোগিতা নিয়ে তিনি জনসেবায় কাজ করতে চান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ