ফরিদপুরের সালথা উপজেলায় হাত-পা কাটা অবস্থায় পান্নু ফকির (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামের একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পান্নু ফকির একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সালথা সদর থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। পরে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।
সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আল ফাহাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
তিনি আরও জানান, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

