গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো তসলিমা আক্তার মিম (১০) ও রবিউল ইসলাম রাফি (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
বুধবার (২৪ জুন) রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিম ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রাফি জহুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল মিম ও রাফি। বিকেলের দিকে তারা বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে নামে। কিছু সময় পর তাদের সঙ্গীরা দুইজনকে খুঁজে না পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
দীর্ঘ সময় শিশু দুজনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

