যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

🕙 প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ । ১১:০১ এএম

নেত্রকোণায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.কে.এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

একই মামলায় অভিযুক্ত সখিনা খাতুন ও তোরাব আলীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে নেত্রকোণার বারহাট্টা থানার রত্নপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে পারভীন আক্তারের সঙ্গে কলমাকান্দা থানার ক্ষুদ্র সিধলী গ্রামের তোরাব আলীর ছেলে শফিকুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে ৯ ও ৫ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।

বিয়ের কিছুদিন পর থেকেই শফিকুল ইসলাম তার বাবা-মায়ের সহযোগিতায় যৌতুকের দাবিতে পারভীনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার এক মাস আগে, ২০১৯ সালের ২৫ মার্চ শফিকুল ইসলাম এক লাখ টাকা যৌতুক দাবি করেন। পারভীন টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। নির্যাতনের কারণে তিনি বাবার বাড়িতে চলে যান। পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে তাকে আবার স্বামীর বাড়িতে পাঠানো হয়।

এর কিছুদিন পর ২৬ এপ্রিল গভীর রাতে প্রতিবেশীর মাধ্যমে পারভীনের পরিবার জানতে পারে, তিনি মারা গেছেন। খবর পেয়ে নিহতের ভাই মো. আবু ইউসুফ স্বজনদের নিয়ে বোনের শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের বারান্দায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় পারভীনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর নিহতের ভাই আবু ইউসুফ বাদী হয়ে কলমাকান্দা থানায় স্বামী শফিকুল ইসলাম, শ্বশুর তোরাব আলী, শাশুড়ি সখিনা খাতুনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত মূল আসামি শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নুরুল কবির রুবেল বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা ছিল। আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ