দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৪৬ জন শনাক্ত হয়েছেন বরিশাল বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১৪ জন, ঢাকা বিভাগে ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন, খুলনায় ১৬ জন, ময়মনসিংহে একজন, রাজশাহীতে নয়জন, রংপুরে একজন এবং সিলেটে তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২৪ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত মোট চার হাজার ৬৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২২ জুন পর্যন্ত দেশে মোট পাঁচ হাজার ৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী।
সবশেষ একজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
এদিকে গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যায়। ২০২৫ সালে মোট এক লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মারা যান ৪১৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

