জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সৃজনশীল দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘ক্লাইমেট কানেক্টস কনটেন্ট ক্রিয়েশন চ্যালেঞ্জ ২০২৬’। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়।
এই আয়োজনের উদ্যোগ নিয়েছে ক্লাইমেট কানেক্টস। সহযোগিতায় রয়েছে ভিভো বাংলাদেশ, দ্য আর্থ সোসাইটি ও ইয়ুথ ফর কেয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ কনটেন্ট ক্রিয়েটর, জলবায়ুকর্মী, উন্নয়নকর্মী এবং গণমাধ্যম প্রতিনিধিসহ শতাধিক তরুণ অংশ নেন।
১ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা। এতে দেশের বিভিন্ন অঞ্চলের তরুণরা জলবায়ু পরিবর্তন, পরিবেশগত চ্যালেঞ্জ, স্থানীয় অভিযোজন উদ্যোগ, বিভিন্ন সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবনী জলবায়ু সমাধান নিয়ে কনটেন্ট তৈরি ও শেয়ার করার সুযোগ পাবেন।
প্রতিযোগিতা শেষে সেরা ১০ জনকে বিশেষ স্বীকৃতির পাশাপাশি জলবায়ু বিষয়ক গল্প বলার ওপর বিশেষ প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। দেশের বিভিন্ন অঞ্চলে থাকা বাস্তব অভিজ্ঞতা ও অজানা গল্পগুলো তরুণদের মাধ্যমে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
বক্তারা বলেন, তরুণদের নেতৃত্বে ডিজিটাল স্টোরিটেলিং জলবায়ু সচেতনতা বাড়াতে এবং কার্যকর পদক্ষেপ নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্মার্টফোন ব্যবহার করে নিজেদের কমিউনিটির গল্প তুলে ধরার মাধ্যমে তরুণরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলেও মত দেন তারা।
অনুষ্ঠানে স্মার্টফোনভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরি, ক্লাইমেট স্টোরিটেলিং এবং ডিজিটাল যোগাযোগ দক্ষতা নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু বিষয়ক জটিল তথ্যকে কীভাবে আকর্ষণীয় ও মানবিক গল্পে রূপ দেওয়া যায়, সে বিষয়ে ব্যবহারিক ধারণা লাভ করেন।

