গুম, খুন ও জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। জোটটির অভিযোগ, বিচার প্রক্রিয়ায় ধীরগতি রয়েছে এবং একই সঙ্গে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এছাড়া নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও বেড়েছে বলে দাবি তাদের।
এসব ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জোটটি।
সোমবার (২২ জুন) সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
হামিদুর রহমান আযাদ আরও জানান, একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সীমান্ত এলাকায় প্রতিবেশী দেশের অস্ত্র মজুদের বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বিষয়টি নিয়ে ১১ দলীয় জোট উদ্বেগ প্রকাশ করছে বলেও জানান তিনি।
জোট নেতারা বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও বিচার নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

