সোমবার

২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছয় এলাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

🕙 প্রকাশিত : ২২ জুন, ২০২৬ । ৯:৪৪ পূর্বাহ্ণ

দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাসদস্য মোতায়েন থাকবে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডের কারণে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

এদিকে সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।

তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।”

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ