সিলেট বিভাগে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে চলতি বছরে হামে আক্রান্ত ও উপসর্গজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। মারা যাওয়া দুই শিশু হলো দিবানি পাল ও রাইয়ান। তাদের দুজনের বয়সই এক বছরের নিচে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তাদের সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও দুইজন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৭১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে এবং আক্রান্ত এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

