সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম তিনটি পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (১৫ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
মমতাজ বেগমের আইনজীবী জানান, তিন মামলায় জামিন মঞ্জুর হওয়ায় আপাতত আইনি প্রক্রিয়ায় কিছুটা স্বস্তি মিলেছে তার জন্য।
এর আগে ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও নিহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।
রাজনীতিতে মমতাজ বেগমের যাত্রা শুরু হয় ২০০৯ সালে। নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হন তিনি। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন মমতাজ বেগম।
নির্বাচনে পরাজয়ের পর রাজনৈতিক অঙ্গনে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

