লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কয়েকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালালেও বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। এ সময় সীমান্ত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (১৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫৫ নম্বর প্রধান পিলারের বিপরীতে পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্ত এলাকায় ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পানিশালা ও দাওয়ারিমারী সীমান্ত অবস্থিত।
রোববার রাত ৯টার দিকে বিএসএফ সীমান্তের কাঁটাতারের সঙ্গে থাকা সার্চলাইট বন্ধ করে দেয়। পরে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিমারী ক্যাম্পের সদস্যরা ৩ থেকে ৫ জন ব্যক্তিকে সীমান্তের ফটক দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
এ সময় বিজিবি ৬১ ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দল বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিজিবি ও স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে বিএসএফ পিছু হটে যায়।
স্থানীয়দের দাবি, ব্যর্থ হওয়ার পর বিএসএফ সীমান্ত এলাকায় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং পুশইনের জন্য আনা ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, “ভারতের ভেতর থেকে কয়েকজন ব্যক্তিকে এনে কাঁটাতারের সার্চলাইট বন্ধ করে গেট দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির সক্রিয় অবস্থানের কারণে কোনো পুশইনের ঘটনা ঘটেনি।”

