সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আটক করার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে ইন্টারপোলের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কারণেই তাকে আটক করা সম্ভব হয়েছে। তার দাবি, সরকারের পক্ষ থেকে সময়মতো যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি বলেন, “বেনজীরের গ্রেপ্তার দেশের জন্য ইতিবাচক ঘটনা হলেও এটি নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস দেখানোর কিছু নেই। তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে কি না, সেটি সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করছে।”
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন পর একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশা তৈরি হলেও ফলাফল নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে। তবে দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে তারা নির্বাচন মেনে নিয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচন প্রত্যাখ্যান করা হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ থেকে উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

