সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি বিমানবন্দরে হয়রানির অভিযোগ, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

🕙 প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ । ৫:০১ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়ে দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আগাম কূটনৈতিক অবহিতকরণের পরও অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগে তিনি সফর বাতিল করে ফেরার সিদ্ধান্ত নেন।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্মেলনে তার অংশগ্রহণের বিষয়টি নিয়ে গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।

তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে। এ সময় তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়েও কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি বলে জানা গেছে।

ঘটনাটিকে আত্মসম্মানের পরিপন্থী হিসেবে বিবেচনা করে ডা. জাহেদ উর রহমান নিজের পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে পরিস্থিতি সামাল দিতে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি।

এরপর রাতেই তৃতীয় একটি দেশের মাধ্যমে দেশে ফেরার ফ্লাইটে যাত্রা করেন তিনি। সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুরের মধ্যেই তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ