মানিকগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।
আফরোজা খানম রিতা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের জবাবদিহিতা ও আন্তরিকতা বাড়ানোর পাশাপাশি জনসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু সুরক্ষা, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় রাস্তা-ঘাট সংস্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা জেলার উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।

