শুক্রবার

১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে ২২ দেশের কড়া সতর্কবার্তা, হামলা-ষড়যন্ত্র বন্ধের আহ্বান

🕙 প্রকাশিত : ১১ জুন, ২০২৬ । ৭:৪৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ মোট ২২টি দেশ যৌথভাবে ইরানকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিদেশের মাটিতে হামলা, হত্যা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, অন্য দেশের ভূখণ্ডে হত্যা, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন কিংবা যেকোনো ধরনের হামলার চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা এবং তাদের বৈদেশিক অভিযান পরিচালনাকারী কুদস ফোর্স বিদেশে অবস্থানরত ইরানি বিরোধী কর্মী, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েল-সমর্থিত সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন হামলা ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।

স্বাক্ষরকারী দেশগুলো বলেছে, এ ধরনের হুমকির বিরুদ্ধে নিজেদের নাগরিক ও রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে তারা ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। একই সঙ্গে ইরানকে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ইউরোপের বিভিন্ন দেশে ইহুদি সম্প্রদায় এবং ইরানি ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হামলার পেছনে ইরানের প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব হামলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত গোষ্ঠী ‘হারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া’।

এর আগে গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। দেশটি অভিযোগ তোলে, তেহরান অন্তত দুটি ইহুদিবিদ্বেষী হামলার নির্দেশ দিয়েছে। পরবর্তীতে অস্ট্রেলিয়া তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় এবং দূতাবাসের কার্যক্রম স্থগিত করে। গত নভেম্বরে দেশটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবেও ঘোষণা করে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, কানাডা, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ডেনমার্কসহ মোট ২২টি দেশ।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ