সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর কাছে ৮০০ টাকা পাওনার দাবি করেছেন। ভিডিওটি ঘিরে অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
ভাইরাল ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমি এখনো হাসনাত আবদুল্লাহর কাছে ৮০০ টাকা পাই। ভার্সিটিতে গাড়ি নিয়ে বসতাম। এসে বলতো, ভাই চা খাওয়ান, মামা চা খাওয়ান—খাওয়াইতাম।”
ভিডিওর অন্য অংশে তিনি হাসনাত আবদুল্লাহকে নিয়ে আরও বিভিন্ন অভিযোগ ও সমালোচনামূলক মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, ৫ আগস্টের ঘটনায় শেখ হাসিনার বাসভবন থেকে মালামাল নেওয়ার সঙ্গে কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল এবং বর্তমানে তারাই গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থানে রয়েছেন।
তিনি বলেন, “চোর তো সংসদেই বসে আছে। পবিত্র জায়গাকে অপবিত্র করে ফেলছে।”
তবে ভিডিওতে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বা তার দলের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লেও এর বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

