বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনে ১৫২ মেধাবী শিক্ষার্থীর বিশেষ সফর, উদ্যোগে এমপি হাসনাত আবদুল্লাহ

🕙 প্রকাশিত : ৯ জুন, ২০২৬ । ৮:৩৭ পূর্বাহ্ণ

কুমিল্লার দেবিদ্বারের ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। সোমবার (৮ জুন) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে তারা সংসদ ভবন পরিদর্শনে যান।

জানা গেছে, দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ বিশেষ সুযোগ করে দেওয়া হয়। সফর শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে উপহার তুলে দেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এ আয়োজনকে দেবিদ্বারের ইতিহাসে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষকরা। নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, “দেবিদ্বারের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থীরা সংসদ ভবন ও সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেল। আমাদের এলাকার সন্তান ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই সুযোগ করে দিয়েছেন। এতে শুধু শিক্ষার্থীরাই নয়, পুরো দেবিদ্বারবাসী গর্বিত।”

তিনি আরও বলেন, “এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। তাদের চোখেমুখে ছিল অন্যরকম উচ্ছ্বাস।”

শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, “একদিন তোমাদেরই এখানে আসতে হবে, তোমাদেরই নেতৃত্ব দিতে হবে। তোমাদের বড় স্বপ্ন দেখানোর জন্যই এখানে নিয়ে আসা হয়েছে। আজ যাদের বক্তব্য শুনেছো, ভবিষ্যতে তোমরাই তাদের জায়গায় থাকবে।”

তিনি আরও জানান, শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ধনী-গরিব কোনো বিষয় বিবেচনা করা হয়নি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদেরই সংসদ ভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখানো এবং দেশের সর্বোচ্চ আইনসভা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেওয়া।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ